করোনা (কোভিড-১৯) মহামারির কারণে ১৪৩ দিন বন্ধ থাকার পর ছয়টি আন্তঃনগর ট্রেন পুনরায় চালু হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট, রবিবার থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন থাকা এই ট্রেনগুলো চালু করা হবে। অনলাইনেই এসব ট্রেনের টিকিট কাটতে হবে। ১২ আগস্ট, বুধবার দুপুরে রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। চালু হতে যাওয়া ছয়টি ট্রেন হলো-রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস, খুলনা-ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটের একতা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটের তিতুমীর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটের সীমান্ত এক্সপ্রেস এবং গোপালগঞ্জের গোবরা-রাজশাহী-গোবরা রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস।
