ডোমারে পুকুরে ডুবে মা মেয়ের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫০

ডোমারে পুকুরের পানিতে ডুবে আলেফ নুরা (৩২) নামে এক নারী ও তার সাত মাস বয়সি মেয়ে ইসরাতের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চিলাহাটিতে এ ঘটনাটি ঘটে। আলেফ নুরা ঐ এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মফিজ উদ্দিনের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মুকসুদপুরে স্কুলছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মুকসুদপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ডুবে ফাতেমা ওরফে রিয়া মনি (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লোহাইড় গ্রামের বিলে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মাসুদ মোল্লার মেয়ে ও বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিকলীতে স্কুল ছাত্রের মৃত্যু

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, মঙ্গলবার বিকালে উপজেলার কারপাশায় বন্যার পানিতে ডুবে আলীমুল ইসলাম ওরফে তাসনিম নামে এক সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জ চর শোলাকিয়ার মতিউর রহমানের ছেলে। নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।