স্থানীয় নারী ট্রেনার পেলেন লতা-নাহিদারা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫৩

সকালে এসেই ইনডোর ঘুরে বিসিবি একাডেমি মাঠে আসেন নাহিদা আক্তার। তার আগেই একাডেমি মাঠে উপস্থিত ছিলেন লতা মন্ডল। দুই জনই পালাক্রমে একাডেমি মাঠের উইকেটে বোলিং করলেন। লতা মন্ডলের অফস্পিন, নাহিদার বাঁ-হাতি স্পিন বোলিংয়ের সেশনটা পরিচালনা করেন নারী ট্রেনার সুলতানা ইয়াসমিন বৈশাখী। পরে দুই নারী ক্রিকেটারের রানিং সেশনটাও পরিচালনা করেন এই ট্রেনার।

বিসিবির উইমেন্স উইংয়ে বছরের শুরু থেকেই যুক্ত আছেন সাবেক ক্রিকেটার বৈশাখী। পেশাদার ক্রিকেটারের ক্যারিয়ারে যতিচিহ্ন টেনে ট্রেনার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি। নবগঠিত অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এবার করোনাকালে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনেও পাশে থাকছেন বৈশাখী।

গতকাল জানতে চাইলে উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ জানালেন, ‘আমাদের নারী ক্রিকেটারদের ট্রেনিংটা বিসিবির ট্রেনাররাই পরিচালনা করছে, যে তিন জন ট্রেনার পুরুষ দলের সঙ্গে আছেন। তারপরও বৈশাখী থাকছেন সবকিছু মনিটর করার জন্য। ক্রিকেটাররা সঠিক ভাবে অনুশীলন করছেন কি না—তা তিনি দেখভাল করবেন। বৈশাখী এর আগে আমাদের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করেছেন।’

নারী ট্রেনার পেলেও সালমা-রুমানাদের নতুন হেড কোচ নিয়োগের ক্ষেত্রে বড় কোনো সুখবর এখনো নেই।