রামকে নিয়ে রসিকতা করায় অধ্যাপকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫৬

ভারতের শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা করা হয়েছে যে, তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছেন। চার লাইনের ঐ পোস্টে রসিকতার ছলে রামায়ণের পরিচিত আখ্যানের সেই অংশটি লিখেছিলেন ঐ অধ্যাপক, যেখানে রামচন্দ্র তার স্ত্রী সীতাকে এক পর্যায়ে পরিত্যাগ করেছিলেন। কিন্তু হিন্দুত্ববাদী ছাত্র সংগঠনের এক সদস্য এটা নিয়েই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। খবর বিবিসি বাংলার

অযোধ্যায় যেদিন রামমন্দিরের ভূমিপূজা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেদিনই রাতে ফেসবুকে চার লাইনের একটি ছোট পোস্ট দিয়েছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ্য সেন। এক পুরুষ ও এক নারীর মধ্যে কাল্পনিক কথোপকথনের মাধ্যমে ফেসবুকে তিনি যা লিখেছিলেন, বাংলায় তার অনুবাদ করলে দাঁড়ায় :‘এই নাটক সেই ব্যক্তির জন্য—যিনি নিজের স্ত্রীকে তাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র লোকে কী বলবে, সেই ভয়ে।’ শেষ লাইনে পুরুষটি বলছেন :‘ও তুমি শ্রীরামচন্দ্রের কথা বলছ!’ এই পোস্টে হিন্দু দেব-দেবিদের অপমান করা হয়েছে বলে পুলিশের কাছে মামলা দায়ের করেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক সদস্য।

কিন্তু এটা কোনোমতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে পারে না বলে মত দিয়েছেন বেদ-পুরাণ নিয়ে গবেষণা করেন এমন একজন অধ্যাপক রোহিণী ধর্মপাল। তার কথায়, ‘স্বয়ং বাল্মীকিই তো লিখেছেন যে, লোকের মুখের কথা শুনেই রাম সীতাকে নির্বাসনে পাঠিয়েছিলেন।