হবিগঞ্জে সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের কারাদণ্ড, ৮৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫৮

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে এক বছরের কারাদণ্ড ও ৮৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়াও টাকা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিনের দায়ের করা একটি চেক জালিয়াতি মামলায় বুধবার দুুপুরে যুগ্ম জেলা জজ (২) এর বিচারক মো. শহিদুল আমিন এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার তাবানী কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের জন্য জমি ক্রয় করার লক্ষ্যে বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিনের কাছ থেকে ৮৫ লাখ টাকা ধার নেন। এর বিপরীতে ২০১৫ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ৮৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। তখন আব্দুল আওয়াল চেয়ারম্যান ছিলেন। একই বছরের ১৫ জানুয়ারি তাজ উদ্দিন টাকা তুলতে গেলে ব্যাংক চেকটি ডিজঅনার করে। ফলে ২১ জানুয়ারি তাজ উদ্দিন একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে ২৬ জানুয়ারি আব্দুল আওয়াল তালুকদারকে আসামি করে যুগ্ম জেলা জজ (২) আদালতে একটি চেক ডিজঅনার মামলা করেন। মামলায় উভয়পক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। এ সময় আসামি আব্দুল আওয়াল তালুকদার এজলাসে উপস্থিত ছিলেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।