অবশেষে ডিএনডির পানি নিষ্কাশন প্রকল্প কর্তৃপক্ষ বিকল্প রাস্তা তৈরি করে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক পথচারীদের জন্য খুলে দিয়েছেন। সড়কের নিচ দিয়ে বক্স চ্যানেল নির্মাণের কারণে প্রায় আড়াই মাস বন্ধ ছিল ডেমরা-শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল অংশটি। শীতলক্ষ্যার পানি বৃদ্ধি পাওয়ায় চ্যানেল নির্মাণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কাজ শেষ না হওয়ায় দীর্ঘদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডের পথচারীরা অনেকটা পথ ঘুরে হীরাঝিল এলাকার মার্কেটের গলিপথ মাড়িয়ে চলাচল করতেন।
এ বিষয়ে গত ৩১ জুলাই দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ডিএনডির নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় ফেজ) প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসফিকুল আলম ভূঞা ১০ দিনের মধ্যে বিকল্প রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী এ সড়কের পশ্চিম পাশ দিয়ে একটি বিকল্প রাস্তা নির্মাণ করে মঙ্গলবার থেকে জনসাধারণের চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়েছে। নির্বিঘ্নে চলাচল করতে পেরে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন পথচারীরা।
