ভিন্ন এক পরিবেশে উচ্চ আদালতে বিচার শুরু

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২২:৪৯

এ যেন ভিন্ন এক পরিবেশ। বিচারক ও আইনজীবী কারো গায়ে ছিল না বাধ্যতামূলক পোশাক কালো কোট ও কালো গাউন। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এ দুটি পোশাক ছাড়াই শুধু সাদা শার্ট-প্যান্ট/শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরে প্রথমবারের মতো মামলার শুনানিতে অংশ নিলেন পুরুষ ও নারী আইনজীবীরা। শুরু হলো বিচার কার্যক্রম।

করোনাকালে এমন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবীরা কঠোরভাবে অনুসরণ করছেন স্বাস্থ্যবিধি। মাস্ক পরে আদালত কক্ষে প্রবেশ করতে হয়েছে সবাইকে। এভাবে দীর্ঘ পাঁচ মাস পর গতকাল বুধবার বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের উপস্থিতিতে মুখর দেশের সর্বোচ্চ আদালত অঙ্গন।

গত মার্চ মাসে দেশে করোনা রোগী শনাক্তের পর শারীরিক উপস্থিতিতে বিচারকাজ বন্ধ রাখা হয়। পরে মে মাস থেকে চালু করা হয় ভার্চুয়াল কোর্ট।      এমতাবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোর্ট খুলে দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ঐ ফুল কোর্ট সভায় শারীরিক উপস্থিতিতে উচ্চ আদালতে বিচারকাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও বিচারকাজ চলবে বলে জানানো হয়। সেই প্রেক্ষাপটে গতকাল থেকে হাইকোর্টের ১৮টি বেঞ্চে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের শারীরিক উপস্থিতিতে চলছে বিচারকাজ। আর ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলছে ৩৫ বেঞ্চে।

এদিকে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরুর প্রথম দিনেই বিপুলসংখ্যক আগাম জামিনের দরখাস্ত দাখিল হয়েছে। গত পাঁচ মাস ধরে উচ্চ আদালতে বন্ধ ছিল এই আগাম জামিন শুনানি। এতে হয়রানির শিকার হয়েছেন বিচারপ্রার্থী জনগণ। আগাম জামিনের দরখাস্ত দাখিলের পাশাপাশি রিট মামলা দাখিল হয়েছে অনেক। আইনজীবীরা জানান, করোনাকালে এক প্রকার ঘরবন্দি হয়েই ছিলাম। এখন সুপ্রিম কোর্ট খুলে দেওয়ায় আমাদের কর্মব্যস্ততা আবার শুরু হলো। স্বাস্থ্যবিধি মেনে মামলা পরিচালনা করে আগামী দিনগুলো যেন নিরাপদে অতিবাহিত করতে পারি সেটাই প্রার্থনা।