দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৫৮তম দিনে এই ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪২ জন মারা গেছেন। মঙ্গলবারের চেয়ে গতকাল ৯ জন বেশি মারা গেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫১৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের চেয়ে গতকাল এক জন কম শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৬ জনের দেশে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ২২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ২ হাজার ৭৩৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৬৭ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার শূন্য দশমিক ২৩ শতাংশ কম।
