রাহুল গান্ধী সভাপতি পদে ফিরতে না চাইলে নতুন নেতৃত্ব খোঁজা উচিত :শশী থারুর

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৩১

নেতা হিসেবে এখনো রাহুল গান্ধীই পছন্দ কংগ্রেস কর্মীদের। কিন্তু তিনি রাজি না হলে অন্য উপায় খুঁজতে হবে। নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে দলের উদ্দেশে এমনই বার্তা দিয়েচেন ভারতে কংগ্রেস দলের এমপি শশী থারুর। খবর আনন্দবাজার পত্রিকার

লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দলের হাল ধরেন সোনিয়া গান্ধী। ঠিক ছিল, নতুন সভাপতি দায়িত্ব হাতে না নেওয়া পর্যন্ত সাময়িকভাবে ঐ পদে থাকবেন তিনি। কিন্তু তারপর এক বছর কেটে গেলেও সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি কংগ্রেস। এ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়েই দলকে রাহুল গান্ধীর বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছেন শশী থারুর। তিনি বলেন, কংগ্রেসকে নিয়ে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি হয়েছে। তা রুখতে হলে অবিলম্বে সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে হবে আমাদের। এমন একজন নেতাকে খুঁজতে হবে, যিনি পূর্ণমেয়াদের সভাপতি হবেন। সভাপতি নির্বাচিত করা গেলে, দলে সাংগঠনিক স্তরে যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করা এবং দ্রুত তার সমাধান সম্ভব হবে। তখন নতুন উদ্যমে কাজ শুরু করা যাবে বলে মনে করেন থারুর।