লেবাননে আটকেপড়া ৭১ জনকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাহিনী

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৩২

লেবাননের বৈরুতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মানবিক ও ত্রাণ সহায়তা হস্তান্তর শেষে ৭১ জন প্রবাসী বাংলদেশি নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান গতকাল বুধবার দেশে ফিরেছে। বাংলাদেশ বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের প্রয়োজনীয় দিকনির্দেশনায় উক্ত মিশনটি পরিচালিত হয়।

বন্ধুপ্রতিম দেশসমূহে সংঘটিত যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা বিমান পরিবহন সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বৈরুতে দুর্ঘটনাকবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা প্রদানের জন্য জরুরি চিকিত্সাসামগ্রীসহ এক জন চিকিত্সক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা নিরূপণের জন্য একটি কারিগরি মূল্যায়নকারী দলকে বিমান বাহিনীর এই সি-১৩০ পরিবহন বিমানের মাধ্যমে গত রবিবার লেবাননে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য যে, ফিরতি পথে বিমানটি বৈরুত থেকে ৭১ জন প্রবাসী বাংলদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনে। এর ফলে লেবাননের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।—আইএসপিআর