ভারতসহ ২০ দেশ ১০০ কোটি ডোজ রাশিয়ান ভ্যাকসিনের অর্ডার দিয়েছে

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৩৩

করোনা ভাইরাস চিকিত্সায় ভ্যাকসিনের অনুমোদন দিয়ে বড় অগ্রগতিতে রাশিয়া। বিশ্বের প্রথম কোভিড-১৯-এর বিরুদ্ধে কাজ করতে সক্ষম ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া। এরই মধ্যে ভারতসহ ২০ দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে রাশিয়া। রাশিয়ার ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের প্রধান ক্যারিল দিমিত্রিভ একটি অনলাইন সাংবাদিক ব্রিফিংয়ে জানান, এরই মধ্যে ২০টি দেশ থেকে রাশিয়ার গামালিয়া গবেষণা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ সরবরাহের আবেদন এসেছে। রাশিয়া এ ভ্যাকসিনের নাম দিয়েছে ‘স্পুটনিক ভি’। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নে চালু হওয়া প্রথম উপগ্রহের নাম ‘স্পুটনিক’। পরে এই ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক ভি’। রুশ সরকারের সূত্র অনুযায়ী, ভারত ভ্যাকসিনের ট্রায়ালের পাশাপাশি উত্পাদনও করবে।

গামালিয়া ইনস্টিটিউটের তৈরি ঐ ভ্যাকসিনটির কোনো প্রকার বৈজ্ঞানিক তথ্য কোনো বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়নি। এতে ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে বিশ্ব জুড়ে প্রশ্ন দেখা দিয়েছে পশ্চিমা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।

এদিকে আর মাত্র ১৪ দিনের মধ্যেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য চলে আসবে রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকা স্পুটনিক। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো জানান, দুই সপ্তাহের মধ্যে করোনা ভাইরাস টিকার প্রথম চালান উত্পাদন ও ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। গতকাল বুধবার তিনি স্পুটনিক নিউজকে বলেন, ‘আজ, টিকার মান নিয়ন্ত্রণ পরীক্ষা চলছে। দুই সপ্তাহের মধ্যে ওষুধের প্রথম চালান পাওয়া যাবে এবং স্বাস্থ্যঝুঁকিতে থাকা গ্রুপের স্বাস্থ্যকর্মীদের (টিকা দেওয়ার) জন্য সরবরাহ করা হবে।