সরকারি চাকরিজীবীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) সুদের হার ১৩ শতাংশ বহাল রাখা হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য এ সুদহার নির্ধারণ করা হয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরও এক্ষেত্রে সুদহার ১৩ শতাংশই ছিল। গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যাংকে আমানতে সুদহার কমে যাওয়ায় এবার জিপিএফ ও সিপিএফের সুদের হার কিছুটা কমানোর চিন্তা করা হয়েছিল। কিন্তু করোনাসহ সার্বিক বিষয় চিন্তা করে সুদহার আগের মতো বহাল রাখা হয়েছে। ব্যাংকে স্থায়ী আমানতে (এফডিআর) সুদের হার বর্তমানে ৬ শতাংশ এবং বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আগের তুলনায় কমানো হয়েছে। সে বিবেচনায় সরকারি জিপিএফ ও সিপিএফ হার কমানো হতে পারে এমন আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে বিষয়টি স্পষ্ট করল।
