বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ হারানো অধিকার ফিরে পাবে বলে আশা প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১২ বছর যাবত্ জাতীয়তাবাদী শক্তিকে দমনপীড়ন করে রাখা হয়েছে, সেটা নজিরবিহীন। একটি দানব সরকার যা করে তার সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই সরকার। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে ভয় পাচ্ছে, মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে ভয় পাচ্ছে। তাই মানুষের নির্বিঘ্নে চলাচল করা এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। গতকাল আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের উদ্যোগে মিরপুরের পাঁচটি মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
