ধামরাইয়ে ত্রাণসামগ্রীসহ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৩৮

ধামরাইয়ে সরকারের ত্রাণসামগ্রীসহ এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-২-এর অভিযানে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজুর আমছিমুরের বসতবাড়ি থেকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা ৩৫ বস্তা ত্রাণসামগ্রী (মোট ওজন ৫৬০ কেজি) জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ইউপি চেয়ারম্যান মিজুকে। ত্রাণসামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে ঐ ঘরে রাখা ছিল বলে মনে করা হচ্ছে। কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমদের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত মিজু চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।