এক মাস আগে লঙ্কা যাচ্ছেন মুমিনুলরা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৯:৪৯

এশিয়া কাপ, আইসিসি টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে শ্রীলঙ্কা সফরকেই পাখির চোখ করেছিল বিসিবি। গত দেড় মাস ধরে নানা কথনের পর গতকাল আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সফর নিয়ে কয়েকটি সুনির্দিষ্ট তথ্য জানাল বিসিবি। তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে অন্য কোনো ফরম্যাট থাকছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খানের দেওয়া তথ্য অনুযায়ী, মূল সিরিজের এক মাস আগে লঙ্কা সফরে যাচ্ছে মুমিনুল হকের দল। গতকাল বিসিবি কার্যালয়ে মিটিংয়ের পর আকরাম খান বলেছেন, আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। কলম্বোয় হতে পারে সিরিজের সবগুলো ম্যাচ। শ্রীলঙ্কা যাওয়ার ১০-১২ দিন আগে ঢাকায় হবে জাতীয় দলের ক্যাম্প। বিদেশি কোচরা ঢাকায় ফিরবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। মুমিনুলদের সঙ্গে কলম্বোগামী বিমানে চড়বে এইচপি স্কোয়াড।

গতকাল এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, জাতীয় দলের দুই নির্বাচক, বিসিবির প্রধান চিকিত্সককে নিয়ে মিটিং করেছেন আকরাম খান।

মিটিং শেষে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম ছিল করোনা টেস্টের ব্যাপারে, আমরা ক্যাম্পটা কীভাবে শুরু করব। আমরা সেটার একটা ভালো প্ল্যান করেছি।’

শ্রীলঙ্কায় যাওয়া সম্পর্কে আকরাম খান বলেন, ‘সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে হয়তো ১০-১২ দিন অনুশীলন করে শ্রীলঙ্কায় চলে যাব এইচপি টিমকে নিয়ে। সেখানে আমরা ২০-২৫ দিন একসঙ্গে অনুশীলন করব। তারপরেতো অক্টোবরের ২৪ তারিখ আমাদের খেলা আছে।’

জাতীয় দলের আবাসিক ক্যাম্প করার চিন্তা করছে বিসিবি। সেক্ষেত্রে ঢাকার কোনো হোটেলে রাখা হবে ক্রিকেটারদের। এর মধ্যে ক্রিকেটারদের কয়েকবার করোনা পরীক্ষা করবে বিসিবি। আকরাম খান বলেন, ‘আমরা দুই-তিনবার টেস্ট করাব। এটা নিয়ে আমাদের আরো প্ল্যান আছে। আমরা পরে জানিয়ে দিব। ওখানে যাওয়ার আগে ৭২ ঘণ্টার মধ্যে আসা একতা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেখানে গেলে তারাও টেস্ট নিবে।’

লঙ্কা গিয়ে মুমিনুল-মুশফিকদের কতদিন কোয়ারেন্টাইন করতে হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কায় বাংলাদেশের সবগুলো ম্যাচই কলম্বোয় হতে পারে। ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘আপাতত কলম্বোর কথা বলছে ওরা আমাদের। এখনো সময় আছে, আর যেহেতু কলম্বোতে সুযোগ সুবিধা ভালো, হাসপাতাল থেকে সবকিছু উন্নত মানের আছে। এসব আসলে আলাপ আলোচনার মধ্যে আছে।’

হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ জাতীয় দলের সব কোচ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন। মিরপুরে ১০-১২ দিনের ক্যাম্প তারাই পরিচালনা করবেন।