ভারতের সেই রাম মন্দির ট্রাস্টের প্রধান করোনায় আক্রান্ত

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৩:১৭

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিতব্য রাম মন্দিরের ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস করোনায় আক্রান্ত হয়েছেন।  গত ৫ আগস্ট  রাম মন্দিরের ভূমিপুজোয় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে ছিলেন।  এমনটি জানিয়েছে ভারতীয়  সংবাদ সংস্থা এএনআই। 

এএনআই'র প্রতিবেদনে বলা হয়,  নিত্যগোপাল দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বাবরি মসজিদের স্থানে নির্মতব্য রাম মন্দিরের  ভূমিপুজোর আগেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ছিলেন তিনি। এবার নিত্যগোপাল দাসের সঙ্গে অযোধ্যায় এক মঞ্চে বসার পর ভারতের  প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতের প্রধানমন্ত্রীর দফতর।

ইত্তেফাক/এআর