নতুন অনুষ্ঠান নিয়ে আরজে টুটুল

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৫:৪২

আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে আরজে টুটুলের নতুন শো 'ইয়োর ভয়েস উইথ টুটুল।’ শনিবার থেকে বৃহস্পতিবার রেডিওটুডে ৮৯.৬ এফএম-এ রাত ১০টা থেকে রাত ২টা শ্রোতারা কান পাতলেই এই অনুষ্ঠানটি শুনতে পাবেন। 

একই সঙ্গে এই অনুষ্ঠানের বিশেষ দুটো সেগমেন্ট 'লাভ লেটার' এবং 'পোস্টমর্টেম'; যা কি না শ্রোতাদের মধ্যে বাড়তি আকর্ষণের সৃষ্টি করবে। সপ্তাহ শুরু হবে 'লাভ লেটার' দিয়ে, যেখানে একজন শ্রোতা তার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে প্রেমের চিঠি বা লাভ লেটার লিখে পাঠাতে পারবেন। সেরা চিঠিগুলো আরজে টুটুল তার শো-তে পড়ে শোনাবেন এবং সবচেয়ে সেরা চিঠির জন্য থাকছে গিফট হ্যাম্পার। এছাড়া সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে থাকছে পুরো সপ্তাহের মূল আয়োজন 'পোস্টমর্টেম'; যেখানে একজন শ্রোতা সরাসরি স্টুডিওতে উপস্থিত থেকে তিনি তার জীবনের টানাপোড়ন কিংবা যেকোনো সমস্যার বিস্তারিত গল্প করতে পারবেন। তার সেই গল্পের চুলচেরা বিশ্লেষণ হবে এই বিশেষ সেগমেন্টে। এক্ষেত্রে আরজে টুটুলের সাথে কয়েকজন বিশেষজ্ঞ এই শো-তে যুক্ত থাকবেন। 

এছাড়া পুরো সপ্তাহজুড়ে গান, কবিতা, শ্রোতাদের টেক্সট, ফোনকল সবকিছুই থাকবে। মূলত শ্রোতারা যেমন চাইবেন, এই শো তে তাই হবে, আর সেই জন্যেই শো-এর নাম 'ইয়োর ভয়েস উইথ টুটুল।’

আরো পড়ুন : ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের: নৌপ্রতিমন্ত্রী

আরজে টুটুল ২০০৯ সালে রেডিও আমার-এ তার ক্যারিয়ার শুরু করেছিলেন। শ্রোতাপ্রিয় বেশকিছু অনুষ্ঠান তার শুদ্ধ কণ্ঠেই এফএম রেডিও শ্রোতারা শুনেছেন। ২০১৫-তে তিনি দেশের প্রথম প্রাইভেট স্টেশন রেডিওটুডে'তে জয়েন করেন এবং সফলতার সাথে 'এফএম মামা' শো চালিয়ে যান এবং শ্রোতাদের কাছে 'মামা' হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি একই স্টেশনের 'হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট' হিসেবেও দায়িত্ব পালন করছেন। শুদ্ধ উচ্চারণ, অসাধারণ বাচনভঙ্গি এবং সাবলীল উপস্থাপনার কারণেই শ্রোতাদের কাছে তিনি আলাদাভাবে একটা জায়গা তৈরি করতে পেরেছেন।

নতুন শো নিয়ে দারুণ উচ্ছ্বসিত আরজে টুটুল। তিনি বলেন, 'আমি দায়বদ্ধতা এবং শ্রোতাদের ভালোবাসা নিয়েই এতদূর এসেছি। সুতরাং নতুন শো-তেও তার প্রতিফলন ঘটবে দারুণভাবেই।'

 

ইত্তেফাক/ইউবি