ছাগলনাইয়ায় ফুলছড়ি খাল

ভাঙনে বিলীন হচ্ছে সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:২৬

ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী রৌশন ফকির দরগাহ এলাকায় ফুলছড়ি খালের ব্যাপক ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সড়ক, মাদ্রাসা, মসজিদ, মাজার, ঘরবাড়ি, কবরস্থান, দোকান ও কৃষিজমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

ছাগলনাইয়া পৌরসভা ও ৫ নম্বর মহামায়া ইউনিয়নের সীমানা দিয়ে বয়ে গেছে ফুলছড়ি খাল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্প্রতি রৌশন ফকির দরগাহ এলাকায় ফুলছড়ি খালের উভয় পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে উত্তর যশপুর গ্রামের প্রধান সড়ক ও নতুন পাড়া সড়কটি প্রায় পুরোপুরি খালে বিলীন হয়ে যায়। চরম হুমকির মুখে ছাগলনাইয়া-পরশুরাম আঞ্চলিক সড়ক, ঐতিহ্যবাহী রৌশন ফকির (রহ) দরগাহ, রৌশন ফকির দরগাহ মাদ্রাসা, মাদ্রাসা মাঠ ও মাদ্রাসা হোস্টেল, রৌশন ফকির দরগাহ জামে মসজিদ, কবরস্থানসহ অসংখ্য ঘরবাড়ি, কৃষি জমি ও দোকানপাট।

মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী বলেন, ফুলছড়ি খালে হঠাত্ করে এমন ভাঙনে আমরা হতবাক। এই ভাঙন রোধ করার লক্ষ্যে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই রাস্তা দিয়ে প্রতিদিন উত্তর যশপুর, জয়নগর ও সত্যনগর গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করে। ভাঙন রোধে ও স্থাপনা রক্ষার্থে প্রায় ২ কিলোমিটার এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নচেত সীমাহীন দুর্ভোগে পড়বে এলাকাবাসী।

ছাগলনাইয়া উপজেলা প্রকৌশলী মো. নজিবুর রহমান জানান, সরেজমিনে গিয়ে ভাঙন রোধে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্পটি খুব শিগিগরই এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হবে।