মোংলা বন্দরে আমদানিনিষিদ্ধ চার কনটেইনার পোস্তদানা জব্দ

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৩২

মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আনা আমদানিনিষিদ্ধ চার কনটেইনার পোস্তদানা জব্দ করেছে মোংলা কাস্টমস হাউজ। গোপন সংবাদ এবং কাস্টমসের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার কাস্টমস কর্তৃপক্ষ মোংলা বন্দরের ২ নম্বর কনটেইনার ইয়ার্ডে থাকা চারটি কনটেইনার আমদানিকারক প্রতিনিধি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন প্রতিনিধি, শিপিং এজেন্ট প্রতিনিধি, বাগেরহাট চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং মোংলা বন্দরের প্রতিনিধিদের উপস্থিতিতে উন্মুক্ত করেন।

মোংলা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো. সামসুল আরেফিন খান বলেন, কনটেইনারগুলোতে ফুটবল, টেনিস বল ও স্নো-স্প্রের বদলে পাওয়া যায় আমদানিনিষিদ্ধ পোস্তদানা। মিথ্যা ঘোষণা দিয়ে ঢাকার সোয়ারী ঘাট এলাকার মেসার্স তাজ ট্রেডার্স ও চক বাজারের আয়েশা ট্রেডার্স এ পণ্য আমদানি করেছে। কনটেইনার খোলার সময় নির্ধারণ করে তাদের পত্র দেওয়ার পাশাপাশি টেলিফোনে উপস্থিত থাকার জন্য বলা হলেও তারা উপস্থিত হননি। এ পণ্য পরীক্ষণ শেষ হলে কাস্টমস আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে পণ্যগুলো বাজেয়াপ্তসহ জড়িতদের আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হতে পারে।