পিএসজির ৫০তম জন্মবার্ষিকীর দিনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে ক্লাবটির চেয়ারম্যান নাসের আল খেলাইফি জানালেন, জয়ের দুই নায়ক নেইমার ও এমবাপেকে কখনোই ছাড়বে না পিএসজি। আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চোটের কারণে এমবাপে ছিলেন না, নেমেছেন বদলি হিসেবে। নেইমার ছিলেন প্রথম থেকেই, ছিলেন সপ্রতিভও। একেবারে শেষ মুহূর্তে দুই গোলে দুই জোগান দিয়ে জয়ের নায়ক বনে যান দুই জনে। ২০১১ সালে ক্লাবটির মালিকানা নেওয়ার পর এই প্রথম পিএসজি পা রাখল চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে। এর দুই প্রধান চরিত্রকে যে কোনো মূল্যে দলে রাখতে চায় পিএসজি। খেলাইফি অবশ্য জানালেন, দুই জনই ক্লাবে থাকতে আগ্রহী। বললেন, ‘এরা অন্যতম বিশ্বসেরা। পাঁচ কিংবা তিন জন সেরার তালিকায় থাকবে দুই জনে। নেইমার দারুণ খেলে ম্যাচসেরা হয়েছে। তাকে গত তিন মাসে ফিরে পেয়েছি আমরা, সে আসাতে দলে অনেক কিছু পরিবর্তিত হয়েছে।
