কুড়িগ্রামে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ নিহত ৪

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৪৩

কুড়িগ্রামে বিআরটিসি বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন। এছাড়া পাবনায় তিন জনসহ বিভিন্ন স্থানে সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

কুড়িগ্রাম : কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়নে বিআরটিসি বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন। গতকাল                রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের আরডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী নরসিংদী জেলার শিশু পরিবারে কর্মরত সিনিয়র কারিগরি প্রশিক্ষক (টিআই) আকবর হোসেন (৬২), তার স্ত্রী বিলকিস বেগম (৪৫), ছেলে বিলাল হোসেন (২৫) ও প্রাইভেটকারের চালক দেলবর হোসেন (৪০)। এ সময় আহত হয়েছে আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা ও প্রাইভেটকার চালকের সহকারী। আকবর হোসেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী-ছেলে-মেয়েসহ ছুটিতে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

সাঁথিয়া (পাবনা) : পাবনা-নগরবাড়ী মহাসড়কে ঢাকাগামী সিলাইন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দিলে স্কুলছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের সুজানগরের আন্ধারকোটা গ্রামের সোহেল রানা (২০), রায়হান উদ্দিন খানের ছেলে হারুনর রশিদ হারুন (২৩) ও হাসানপুর গ্রামের ভ্যানচালক ইলিয়াস হোসেন (৪০)। বুধবার রাতে মহাসড়কের চিনাখড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

কানাডা : ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাবাব আহমেদ আলভী (২৭) নামে এক বাংলাদেশি মন্ট্রিয়লে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী আহসানুল হক জীম নিহত ও চার জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার যবসেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। জীম ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং ঐ গ্রামের মো. সিরাজুল হক পাইকের ছেলে।

ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজি খাদে পড়ে কলি বেগম (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় কলির আহত মা ও ছোট ভাইকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলি ঝামক গ্রামের প্রবাসী তহুর আলীর মেয়ে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রুহুল আমীন হাওলাদার (৪৫) নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুরের বাসিন্দা।