চার বছরের মাথায় আবারও নতুন দল গড়লেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার এবারের দলের নাম রাখা হয়েছে ‘পার্টি পেজুয়াং তানাহ এয়ার’ বা জাতির যোদ্ধা দল। গতকাল মালয়েশিয়ার পেরাক রাজ্যে এক রাজনৈতিক সমাবেশে দলের নাম ঘোষণা করেন তিনি। খবর সিএনের
মাহাথির বলেন, ‘আমরা মালয়দের বিভক্ত করতে চাই না, তবে আমরা চাই মালয়দের পক্ষে লড়ার জন্য তাদের একটি দল থাক। এই দল দেশের দুর্নীতি পরিষ্কার করার জন্য। আমরা এর নাম দিয়েছি পার্টি পেজুয়াং তানাহ এয়ার।’ এর আগে দিনের শুরুতে নিজের ব্লগে নতুন দলের নাম প্রকাশ করে সাবেক এই প্রধানমন্ত্রী লেখেন, ‘দুর্নীতি আমাদের জাতিকে ধ্বংস করছে, দুর্নীতি মালয়দের ধ্বংস করছে। আপনি যদি অবস্থান ও অর্থ চান, তাহলে অন্য দলে যান।’
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের সঙ্গে বিরোধের জেরে নিজ দল থেকেই বহিষ্কৃত হন মাহাথির। তবে নতুন দল ‘পেজুয়াং’-এর পরিচিতির দিন মাহাথিরের পাশে পাকাতান হারাপান জোটের তিনটি দলের নেতাদের দেখা গেছে। গত শুক্রবার নতুন দল গড়ার ঘোষণা দিতেই সাবেক এই প্রধানমন্ত্রীকে সমর্থন জানান মুহিদ্দিনের জোটের বেশ কয়েক জন নেতা।
