এক যুগ পর আবাসন প্রকল্প গ্রহণ সিডিএর

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৪৬

দীর্ঘ এক যুগ পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আবাসন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। সিডিএ কর্তৃক ইতিপূর্বে করা অনন্যা আবাসিক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এছাড়া নগরীর বায়েজিদ এলাকায় অন্য আরো একটি প্রকল্প গ্রহণের কাজ শুরু করছে। সিডিএ দুটি প্রকল্পেই প্লট হিসেবে বিক্রি করবে বলে জানা যায়। সিডিএ ইতিমধ্যে ষোলশহর ২ নম্বর গেট, দেওয়ানহাট ও কাজীর দেউড়ী এলাকায় ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেছে। ষোলশহর ও কাজীর দেউড়ী প্রকল্প দুটি ফ্ল্যাট মোটামুটি বিক্রি হলেও দেওয়ানহাট প্রকল্পের ফ্ল্যাট নেওয়ার ব্যাপারে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর পরিপ্রেক্ষিতে সিডিএ নতুন ফ্ল্যাট প্রকল্প গ্রহণে আগ্রহী নয়।

এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক কল্পলোক আবাসিক প্রকল্প এবং অনন্যা আবাসিক প্রকল্প গ্রহণের পর স্থানীয় ও প্রবাসীদের মধ্যে সাড়া ফেলেছিল। ফলে ঐ দুই প্রকল্পের জমির মূল্যও সিডিএ কর্তৃক ধার্য মূল্যের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। এমনকি এই দুটি প্রকল্প গ্রহণের পর জমি অধিগ্রহণ পর্যায়েই প্লটসমূহ বিক্রি হয়ে যায়। ফলে এক প্রকার প্লট গ্রহীতার টাকা দিয়েই জমির মূল্য পরিশোধ করা হয়। এতে সিডিএর নিজস্ব তহবিল থেকে তেমন একটা বিনিয়োগ করতে হয়নি বলে জানা যায়। সিডিএ কর্তৃক এই দুটি প্রকল্প থেকে বিপুল আর্থিক তহবিল গঠন করতে সক্ষম হয়েছিল। এরপর সিডিএ কর্তৃক আর কোনো আবাসিক প্রকল্প গ্রহণ না করায় এবং সিডিএর নিজস্ব তহবিল থেকে বহদ্দারহাট ফ্লাইওভারের ব্যয় বাবদ প্রায় ১২০ কোটি টাকা খরচ করায় সিডিএ বর্তমানে আর্থিকভাবে আগের মতো সচ্ছল নয় বলে জানা যায়। কারণ সিডিএর কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের অনেক টাকাও খরচ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

চট্টগ্রামের নগরবাসীর চাহিদা এবং সিডিএ কর্তৃক আবাসন সমস্যা সমাধানে সিডিএ আবাসন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। তাছাড়া এর মাধ্যমে সিডিএ আর্থিকভাবেও লাভবান হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলে সূত্রে জানা যায়। সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ জানান, দীর্ঘদিন পর সিডিএ জনগণের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আবাসন প্রকল্প গ্রহণের চিন্তা করছে।

জানা যায়, সিডিএ অনন্যা আবাসিক এলাকার দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের জন্য জমি চিহ্নিত করেছে। সিডিএ জমি অধিগ্রহণের ব্যয় নির্বাহের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ব্যাংক ঋণ পাওয়ার        আশ্বাসের পরিপ্রেক্ষিতে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এদিকে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় সিডিএর নিজস্ব জমির সঙ্গে আরো জমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্পটি নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস্ জানান, বায়েজিদ আবাসিক প্রকল্পের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, জনগণের চাহিদা এবং সার্বিক আর্থিক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সিডিএ নগরবাসীর উন্নয়নে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবে।