জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে :পররাষ্ট্রমন্ত্রী মোমেন

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৫১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে। কারণ তরুণরাই আমাদের ভবিষ্যত্। গতকাল বৃহস্পতিবার একশনএইড বাংলাদেশ, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, কোস্টাল ইয়ুথ একশন হাব, বিন্দু, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ‘ইয়ং পিপল লিডিং কোস্টাল রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বাস্তব এবং এটি হচ্ছে। ঘরে কনফারেন্স করে কোনো সমাধান আসবে না। এজন্য সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনীতিকদের এক সঙ্গে কাজ করতে হবে। 

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ কিছু বিষয়ে বাংলাদেশের অবস্থা পৃথিবীর কাছে দৃষ্টান্তস্বরূপ। তরুণ প্রজন্মের অনেক পরিবেশবান্ধব কার্যক্রম প্রশংসিত হয়েছে।