বাংলাদেশিদের জন্য শিগিগরই ভারতের ভিসা চালু হবে :রীভা গাঙ্গুলি দাশ

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৫১

বাংলাদেশিদের জন্য শিগিগরই ভারতের ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, খুব জরুরি মেডিক্যাল ভিসা, বিজনেস ভিসা আমরা দিচ্ছি। টুরিস্ট ভিসাসহ অন্যান্য ভিসা চালুর ব্যাপারে চেষ্টা করছি আমরা। তবে তা নির্ভর করছে কোভিড ও ফ্লাইট চলাচলের ওপর। আশা করি, শিগিগরই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা উন্মুক্ত হবে।

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করে থাকি। করোনা দুর্যোগের সময় আমরা শিপিং মিনিস্ট্রির সঙ্গে একটা সেকেন্ড অ্যাডেনডাম পিআইডব্লিউটিটি (প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) সই করেছি।

তার সময়ে দুই দেশের সম্পর্কের অগ্রগতির বিষয়ে বলেন, খুবই সন্তোষজনক। অনেক কাজ হয়েছে। ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক আছে। আমরা কোভিডের মধ্যেও একসঙ্গে কাজ করেছি। এটা সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই হয়েছে। তিনি আরো বলেন, এখানে ট্রেড ট্রেন চলছে। সাপ্লাই চেইন ঠিক আছে। বরং অনেক বেশি সুচারু হয়েছে। এখানে অনেকগুলো চুক্তি হয়েছে। একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট করেছি। সার্বিকভাবে আমি খুবই খুশি। এটা দুই দেশের জন্য উইন-উইন অবস্থান। আমাদের ট্রেড বাড়বে। এটাতে বাংলাদেশেরও লাভ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বাণিজ্যে খরচ কমে আসবে। পণ্য আনা-নেওয়ায় আগে যে সময় লাগছিল, সেটা থেকে অনেক কম লাগছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ চলাচলের স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরের আলোকে ট্রায়াল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন বাকিগুলো এগিয়ে নিয়ে যেতে হবে, তাতে কোনো অসুবিধা নেই। সেটা সহজভাবে হয়ে যাবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে মুক্তিযুদ্ধের সময়ে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটি রক্তের সম্পর্ক। এ সম্পর্কটি কখনোই দুর্বল হওয়ার নয়। এ সম্পর্কটি নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই।