অনেক সরকারি কর্মকর্তার সত্ সাহসের অভাব রয়েছে —বিদ্যুত্ প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০০:৩০

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য শুধু আর্থিক বিনিয়োগ নয়, মেধা ও সাহসের প্রয়োগ প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাত্র সাড়ে তিন বছরের সরকার অবিশ্বাস্যভাবে সে প্রয়োগ ঘটিয়েছিল। সমসাময়িক বিশ্বেও তা বিরল। সে ধারা থেকে আমরা অনেক বছর বিচ্যুত থাকার পর আবার টেকসই উন্নয়নের পথে হাঁটছি। কিন্তু এখনো অনেক সরকারি কর্মকর্তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণে সত্ সাহসের অভাব রয়েছে। তারা সিদ্ধান্ত এড়িয়ে চলতে চায়। এখন অর্থের সংকট নেই। দক্ষ জনবল তৈরি করাই বড় চ্যালেঞ্জ। 

গতকাল বৃহস্পতিবার এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু :জ্বালানি নিরাপত্তা এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক এ অনলাইন সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপ্পা)।

বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই বিদ্যুত্ উত্পাদনের এবং আমদানির সব পথ খোলা রাখতে চায় সরকার। দেশের কয়লা উত্তোলন করলে তার প্রভাব কী হবে তা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে এক-দেড়কোটি প্রিপেইড মিটার বসবে গ্রাহকদের ঘরে। তখন বাড়ি বাড়ি গিয়ে বিল নিতে হবে না।’

বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, প্রথম বাজেটে ১২ ভাগ বিনিয়োগ রাখা হয়েছিল বিদ্যুত্-জ্বালানি খাতে। গ্যাস ক্ষেত্র পাঁচটি কিন্তু সহজে দিতে চায়নি বহুজাতিক কোম্পানি শেল। বঙ্গবন্ধু তাদের বলেছিলেন, ‘দেখো তোমরা যদি না বিক্রি করো। তাহলে নতুন আইনে আমরা অধিগ্রহণ করতে বাধ্য হবো।’ পরে শেল বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে এ বিষয়টি জড়িত থাকলে আমি খুবই দুঃখ পাব।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠকালে এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন বলেন, জ্বালানি খাতে প্রাতিষ্ঠানিক উন্নয়ন জরুরি। এফইআরবির চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক চিশতী, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং বিপ্পার প্রেসিডেন্ট ইমরান করিম।