পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে গেল ভিয়েতনাম

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০০:৩৪

গত কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও চলতি বছর তা আর সম্ভব হচ্ছে না বলেই মনে হচ্ছে। চলতি ২০২০ সালের প্রথম পাঁচ মাসের (জানুয়ারি-জুন) হিসাবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এলো এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ ভিয়েতনাম। পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে বাংলাদেশ পোশাকপণ্য রপ্তানি করেছে ৯৬৮ কোটি ৪৯ লাখ ডলারের। একই সময়ে ভিয়েতনাম রপ্তানি করেছে প্রায় ১ হাজার ৫১ কোটি ডলারের। অন্যদিকে চীনের রপ্তানি কমলেও বিপুল ব্যবধানে দেশটি প্রথম অবস্থান ধরে রেখেছে। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বছর, অর্থাত্ ২০১৯ সালে বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছিল। আলোচ্য সময়ে বাংলাদেশ ৩ হাজার ৩০৭ কোটি ডলারের পোশাকপণ্য রপ্তানি করেছিল। আর ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ২৬৫ কোটি ডলার।