মার্কিন নাগরিকরা বিনা মূল্যে করোনার ভ্যাকসিন পাবে

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২০:৪৪

কোভিড-১৯-এর ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য তা বিনা মূল্যে বিতরণ করা হবে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ৪০০ মিলিয়ন ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তারা রাশিয়ার তৈরি ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল খতিয়ে দেখার অপেক্ষায় রয়েছে।

মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন, করোনার ঝুঁকি থেকে নিরাপত্তার ব্যাপারে সবার জন্য বিনা মূলে ভ্যাকসিনের চেয়ে কোনো সহজ ব্যবস্থা থাকবে না। স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তা পল ম্যানগো সাংবাদিকদের বলেন, ‘আমরা একেবারেই কঠোর তদারকি হ্রাস করতে পারব না। আমরা বিষয়টি মূল্যায়ন করব এবং আশা করি ভ্যাকসিন অনুমোদিত হবে।’

যুক্তরাষ্ট্র ছয়টি ভ্যাকসিন প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ক্লিনিক্যাল টেস্টে অনুমোদিত হলে শত শত মিলিয়ন ডোজ যুক্তরাষ্ট্রকে সরবরাহের জন্য আগাম চুক্তি সম্পন্ন করেছে। নাগরিকদের ভ্যাকসিন ডোজের ব্যয় সরকার বহন করবে। ডাক্তার অথবা ক্লিনিকগুলোর ব্যয় সরকার পরিশোধ করবে, তবে এই ব্যয় বেশির ভাগই নাগরিকদের সরকারি ও বেসরকারি বিমা প্রতিষ্ঠান থেকে আসবে। ম্যানগো বলেন, বেশির ভাগ বিমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের এই ব্যয় বহনে সম্মত হয়েছে। তিনি বলেন, জানুয়ারি ২০২১ নাগাদ আমরা কয়েক শ মিলিয়ন ডোজ সরবরাহে সক্ষম হব।

ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ৪০০ মিলিয়ন ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে ২০০ মিলিয়ন ডোজ এবং পরে সমানসংখ্যক ডোজ সরবরাহের বিষয়ে শুক্রবার প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। এতে বলা হয়, এই চুক্তির অধীনে ইউরোপিয়ান ইউনিয়নের সব সদস্য দেশ জনসন অ্যান্ড জনসনের এই ভ্যাকসিন কিনতে পারবে পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এ ব্যাপারে সহযোগিতা দেওয়া হবে। ইইউ বলেছে, সম্ভাব্য ভ্যাকসিনের জন্য অন্য উত্পাদনকারীদের সঙ্গেও ব্যাপকভিত্তিক আলোচনা হয়েছে। ইইউর ৪৫০ মিলিয়ন মানুষের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন ডোজ নিশ্চিত করতে সম্ভাব্য ভ্যাকসিন উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আগাম চুক্তির জন্য জরুরি তহবিলের ২ বিলিয়ন ইউরো ব্যবহার করছে সংস্থাটি।