অকল্যান্ডে লকডাউন আরো ১২ দিন বাড়ালেন আর্ডার্ন

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২০:৪৪

নতুন করে গুচ্ছ সংক্রমণ শনাক্ত হওয়ায় অকল্যান্ডে লকডাউনসংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ আরো ১২ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। আর্ডার্ন বলেছেন, সবার আগে এবং কঠোর অবস্থান নেওয়ার যে দর্শনে নিউজিল্যান্ড বিশ্বাস করে, তারই অংশ হিসেবে দেশকে সতর্কতামূলক অবস্থানে রাখার জন্য লকডাউনসংক্রান্ত বিধিনিষেধগুলোর মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।

বৈশ্বিক মহামারি করোনানিয়ন্ত্রণে নিউজিল্যান্ডের সাফল্য বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে। গত জুনের শুরুতে নিউজিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত ঘোষণা করা হয়। টানা ১০২ দিন কোনো রোগী না থাকার পর গত ৯ আগস্ট স্থানীয় সংক্রমণ শনাক্ত হয় দেশটিতে। এরপরই সতর্ক অবস্থানে চলে যায় সরকার। ফের জারি করা হয় লকডাউনসংক্রান্ত বিধিনিষেধ। এখন আবার তার মেয়াদ বাড়ানো হলো। দ্বিতীয় দফায় অকল্যান্ড থেকে যে গুচ্ছ সংক্রমণের সূত্রপাত হয়েছিল তার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে।             —বিবিসি