কেন্দুয়া ও তাড়াশে গৃহবধূসহ দুই জনের লাশ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৯

কেন্দুয়ায় শুক্রবার দুপুরে বাড়ির পাশের জঙ্গলের একটি গাছ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাতেমা আক্তার (৪৫)। তিনি উপজেলার আমতলা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামের আবু বক্কার নামে এক কৃষকের পরিত্যক্ত বাড়ি থেকে শুক্রবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হেলাল উদ্দিন (৪৫)। তার বাড়ি বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে।

তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন আগে দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থেকে যান হেলাল উদ্দিন। পরবর্তীকালে একই গ্রামের হাশেমের মেয়ে হামিদা খাতুনকেও বিয়ে করেন। পরে প্রথম স্ত্রীর পরিবার তার বিরুদ্ধে মামলা করে। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে যান হেলাল উদ্দিন। পরদিন ঐ পরিত্যক্ত বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।