ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের খোলাপাড়া গ্রামে আসমা (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শান্তিবাগের মুজাম্মেল হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, তারুয়া গ্রামে খত্নার দাওয়াতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায়। এদিকে দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের পূর্বপাড়ার সোহাগ মিয়ার মেয়ে নোহা (০৪) নামক এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করার সময় নিখোঁজ হয়।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, বানিয়াচংয়ে পানিতে ডুবে নাসরিন আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসরিন আক্তার উপজেলার গুণই গ্রামের মোহাম্মদ নূর উদ্দিনের মেয়ে। দুপুরে পরিবারের সকলের অগোচরে নাসরিন বাড়ির পার্শ্ববর্তী হাওরের পানিতে পড়ে যায়।
