পীরগাছায় চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট!

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩১

পীরগাছার প্রত্যন্ত পল্লিতে চেতনানাশক ওষুধ খাইয়ে একটি পরিবারের সর্বস্ব লুট করেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোহাম্মদ আলীসহ পরিবারের পাঁচ সদস্য রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে তিনটি দরজা ভেঙে ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। শুক্রবার সকালে এলাকাবাসী ঐ পরিবারের সদস্যদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিত্সার ব্যবস্থা করে। ঘটনাস্থল তদন্তে আসা পীরগাছা থানার এসআই সেলিম রেজা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।