সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩২

উদ্যোক্তাদের জন্য স্পেস বরাদ্দ ও সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার, রাজশাহী মুজিববর্ষ উপলক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে সারাদেশে ১ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী’ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন, শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টারে তরুণ উদ্যোক্তাদের জন্য স্পেস বরাদ্দপত্র হস্তান্তর এবং রাজশাহী সিটি করপোরেশনের আওতায় কনভেনশন হল স্থাপনের জন্য জমি বরাদ্দের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শুক্রবার এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধক ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন ও মহিলা আসন-৩৭ এর এমপি আদিবা আনজুম মিতা।

৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে টেলিভিশন বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের কাউনিয়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফত্ আরা বেগম এতে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী কর্নারের জন্য ৪৫টি টেলিভিশন বিতরণ করা হয়।  এ সময় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিত্ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিহাব উদ্দিন শেখ প্রমুখ।

গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে বৃহস্পতিবার ছাগল, ভেড়া ও গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুলকান্দি ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় ও ইএসডিওর উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এআইটি সুহেলুর রহমান তরকা রোগ প্রতিষেধক গবাদি প্রাণীর মধ্যে প্রয়োগ করেন। এ সময় ইএসডিও কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. আব্দুল হান্নান, ইউনিয়ন প্রাথমিক প্রাণীর চিকিত্সক এ বি এম মাহ্মুদুল্লাহ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বেলাবতে বৃক্ষরোপণ কর্মসূচি 

নরসিংদী প্রতিনিধি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বেলাব উপজেলার নারায়ণপুরে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার নারায়ণপুরের লাল-সবুজ চেতনা সংসদের উদ্যোগে নারায়ণপুর থেকে সল্লাবাদ পর্যন্ত রাস্তার দুই পাশে ১৫০টি তাল গাছের চারা লাগিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খান সেন্টু, সল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।

চন্দনাইশে ভিক্ষুক পুনর্বাসনে উপকরণ বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।