এবার ছোট মরিনহোয় ধরাশায়ী সিমিওনে

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩২

শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ এবার শিকার বনে গেছে রেডবুল লিপজিগের। কোয়ার্টার ফাইনালে ‘ছোট মরিনহো’ খ্যাত জুলিয়ান নাগলসম্যানের দলের কাছে ২-১ ব্যবধানে হেরে আরো একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা অধরাই রয়ে গেল কোচ দিয়েগো সিমিওনের দলের।

আর্জেন্টাইন কোচ সিমিওনে অ্যাটলেটিকোয় আসার পর থেকেই চ্যাম্পিয়ন্স লিগে জাতশত্রু বনে গিয়েছিল রিয়াল মাদ্রিদ আর ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ তারকা আছেন এমন দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ নক আউটে পাঁচ বার মুখোমুখি হয়ে সব বারই পরাজিত দলে ছিল রোহিব্ল্যাঙ্কোরা। তবে রিয়াল মাদ্রিদ কিংবা রোনালদো, দুই পক্ষই এবার দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলে চ্যাম্পিয়ন্স লিগ আশা উজ্জ্বলই হয় সিমিওনের দলের।

কিন্তু বিধি বাম! এবার পথ রুখল জার্মান দল লিপজিগ। মাত্র তেত্রিশ বছর বয়সি কোচ নাগলসম্যানের দল গোল পেতে ৫০ মিনিট সময় নিলেও শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত রাখছিল অ্যাটলেটিকো রক্ষণকে। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল আসে দানি ওলমোর পা থেকে।

বদলি হিসেবে মাঠে নামা হোয়াও ফেলিক্স পেনাল্টি থেকে অ্যাটলেটিকোকে সমতায় ফেরালেও ম্যাচের লাগাম টানতে পারেনি সিমিওনের শিষ্যরা। ৮৮ মিনিটে প্রতি আক্রমণে আমেরিকান ফরোয়ার্ড টাইলার অ্যাডামসের শট অ্যাটলেটিকো রক্ষণে লেগে দিক বদলে জালে জড়ালে সেমিফাইনাল নিশ্চিত করে নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে আসা লিপজিগ।

মাত্র ২০০৯ সালে প্রতিষ্ঠিত দলটির মুখোমুখি হয়ে শুরু থেকেই ধুঁকেছে অ্যাটলেটিকো। কোচ সিমিওনেও অকপটেই প্রতিপক্ষের তারিফ করলেন, ‘তারা দ্বৈরথগুলোতে জিতছিল, ফাউলগুলোতেও। তারা খেলাটাকে ভালোভাবে বুঝেছিল, সেখানেই ম্যাচটা জিতেছে। আমাদেরকে ম্যাচে প্রবেশ করতেই বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। আমরা আমাদের সর্বস্ব দিয়েই চেষ্টা করেছিলাম।’

ওদিকে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে নাগলসম্যান জানালেন, এখনই শিরোপা নিয়ে ভাবছে না তার দল। শেষ চারে আপাতত পিএসজিকে হারানোই লক্ষ্য তার দলের। জার্মান কোচের ভাষ্য, ‘শিরোপা নিয়ে এখন কিছু বলব না। তবে আমরা অবশ্যই ফাইনালে খেলতে চাই।’