অজিদের ইংল্যান্ড সফর চূড়ান্ত

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩৫

করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও একের পর এক সিরিজ আয়োজন করে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ড সফর চূড়ান্ত হলো।

জীবাণুমুক্ত পরিবেশে আগামী ৪ সেপ্টেম্বর শুরু হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি। সিরিজটি গেল জুলাইয়ে আয়োজনের কথা থাকলেও কোভিড ১৯-এর প্রাদুর্ভাবে পিছিয়ে দেওয়া হয়।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সফরটি। সাউদাম্পটনে আগামী ৪, ৬ ও ৮ সেপ্টেম্বর হবে ম্যাচ তিনটি। এরপর ওয়ানডে সিরিজ খেলতে ম্যানচেস্টারে যাবে অ্যারন ফিঞ্চের দল। সেখানে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর খেলবে তিনটি ওয়ানডে।

সফর নিশ্চিত হওয়ায় সিরিজের জন্য ২১ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী ২৪ আগস্ট অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডে পৌঁছাতে পারে বলে জানা গেছে। সেখানে নিজেদের মধ্যে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

অস্ট্রেলিয়া স্কোয়াড : শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।