দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ১৩৪ জন নৌ সদস্যের ঢাকা ত্যাগ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৫৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ৬৭ জন নৌ সদস্যের ২য় গ্রুপ গতকাল শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এর আগে, গত ২৫ জুলাই ১ম গ্রুপের ৬৭ জন নৌ সদস্য ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট, ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান (আনমিস) এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধ ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/নিয়ন্ত্রণ ও সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও ফোর্স সদর দপ্তরকে অবহিতকরণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরি সহায়তা করে থাকে। উল্লেখ্য, বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট কন্টিনজেন্টটি হোয়াইট নাইল নদীর ৯৩৮ কিলোমিটার নদীপথে এখন পর্যন্ত সর্বমোট ৪১টি অপারেশন লাইফ লাইন অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে।- আইএসপিআর