টাঙ্গাইল শহরের কোদালিয়ায় শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পেছনে গলায় ফাঁস দিয়ে মারুফ (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি কোদালিয়ার টেইলার্স ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে এবং এলেঙ্গা সরকারি শামছুল হক কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অন্য দিনের মতো বৃহস্পতিবার রাতে মারুফ তার নিজের ঘরে ঘুমোতে যান। রাতের কোনো একসময় তিনি পাশের টেইলার্স কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দেন। শুক্রবার ভোরে পরিবারের লোকজন মারুফকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার লাশ বাসায় নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
