গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালীতে অবস্থিত হোটেল ক্রিস্টাল ইনে অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। এরই মধ্যে গোপালগঞ্জ সদর থানার কাছে কম্পিউটারগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হোটেল মালিক দুলাল এবং কর্মচারী হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। দুলাল জানিয়েছে, কম্পিউটারগুলো তিনি হোটেলের অন্য মালিক পলাশ শরীফের থেকে নিলামে ক্রয় করেছিলেন।
জানা যায়, অভিযুক্ত পলাশ শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়া ঐ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাচ্চু শরীফের ছোট ভাই তিনি। এদিকে কম্পিউটার উদ্ধারের পর থেকে পলাতক রয়েছেন পলাশ শরীফসহ বেশ কয়েকজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, আশা করি খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা যাবে। চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাত সদস্যের তদন্ত দলও একটি নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
