রাজধানীর মিরপুরে দাম্পত্য কলহের জের ধরে এক নারীকে হত্যা করেছে তার স্বামী। নিহত ঐ নারীর নাম রাজিয়া আক্তার (৪৬)। তার স্বামীর নাম বাবর। গতকাল শুক্রবার সকালে রাজিয়া আক্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাবর তার স্ত্রী রাজিয়াকে নিয়ে মিরপুর বি-ব্লকের ৬ নম্বর লেনের ১১ নম্বর বাড়িতে বসবাস করেন। গত বৃহস্পতিবার রাতে বাবরের সঙ্গে রাজিয়ার বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বাবর স্ত্রী রাজিয়াকে টর্চ লাইট দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় টর্চ লাইটের কাচ ভেঙে রাজিয়ার মাথায় গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে রাজিয়াকে পরিবারের অন্যরা উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ওসি আরো জানান, বাবর মিরপুরের ঐ ভবনের মালিক এবং ঘটনার সময় তাদের ছেলে, দুই মেয়ে ও কয়েক জন আত্মীয় বাসায় ছিলেন। ঘটনার সাক্ষী সকলের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। এরপর বাবরকে আটক করা হয়।
