ইসরাইল-সংযুক্ত আরব আমিরাত চুক্তি

বিশ্ব জুড়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০০:২৩

সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি করেছে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে কোনো উপসাগরীয় দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরাইল। এ নিয়ে বিশ্ব জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর আলজাজিরার

মিশ্র প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ইসরাইল-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চুক্তি সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে এই চুক্তি শান্তি আনবে বলে আশা প্রকাশ করে বাইডেন বলেন, তিনি ইসরাইলের বসতি স্থাপনকে সমর্থন করেন না। ইউএইএ-এর মিত্র মিসর চুক্তিকে স্বাগত জানিয়েছে। একই মত দিয়েছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, জাতিসংঘ, বাহরাইন এবং ওমান। ইসরাইলের কট্টর ডানপন্থি গ্রুপ এই চুক্তিতে ক্ষুব্ধ হয়েছেন। তারা বসতি স্থাপনের পক্ষে। উল্লেখ্য, চুক্তিতে বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনে দখলদারিত্ব স্থগিত রাখবে।

তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এই চুক্তির কারণে তার দেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থগিত করতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একটি অবৈধ ও মানবতাবিরোধী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত চরম বিপজ্জনক কাজ করেছে। ইতিহাস বলে দেবে, সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি জাতিসহ গোটা মুসলিম উম্মাহর পিঠে যে ছুরি বসিয়েছে তার পরিণতিতে এ অঞ্চলের প্রতিরোধ আগের চেয়ে বেশি শক্তিশালী হবে। জর্ডান জানিয়েছে, ইসরাইল যদি ফিলিস্তিনে দখলদারিত্ব না চালায় তাহলে এই চুক্তি সফল হবে। তবে ঘানা এই চুক্তিকে ফিলিস্তিনের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেছে।