দুই শিক্ষানবিশ চিকিত্সকের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দিনভর কর্মবিরতি পালনের পর রাতে তা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিত্সকরা। শুক্রবার রাত সাড়ে ১০টায় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (আজ) জাতীয় শোক দিবস এবং যা ঘটেছে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। একারণে আগামী ৬০ ঘণ্টার জন্য আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
এর আগে সকালে হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইন্টার্ন চিকিত্সক অ্যাসোসিয়েশন। হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে দোষিদের শাস্তির দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার চট্টেশ্বরী রোডের চমেক ছাত্রাবাসে ইন্টার্ন চিকিত্সক অ্যাসোসিয়েশনের ডা. ওসমান গনি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তারা নিউরোসার্জারি বিভাগে চিকিত্সাধীন রয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবীর ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ছাত্রাবাসে মারামারির ঘটনায় ১১ শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমীন তাদের জামিন মঞ্জুর করেন।
