তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর। তিনি মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার সু-বাতাস ছড়িয়ে দিয়েছিলেন। তিনি মানুষের ন্যায্য অধিকার, সাম্যের, গণতন্ত্রের কথা বলতেন।
শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাঙ্গালীদের রক্ত দিয়ে এই সৃষ্ট বাংলাদেশ। এই দেশের ইতিহাস এক দিনে রচিত হয় নাই। এই বাংলাদেশের ইতিহাস এই বাংলাদেশের মহানায়ক বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন। তিনি মানুষকে ভালোবেসে সকল বাঙ্গালীকে ঐক্যবদ্ধ করে জাতীর স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন।
জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ নিরন্তর এগিয়ে যাবে এটিই হোক শোক দিবসের শপথ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।
ইত্তেফাক/আরএ
