রংপুরে বাঁশের খুঁটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুত্ লাইন

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:০১

রংপুর মহানগরীর দুটি ওয়ার্ডের শত শত বাড়ি, স্থাপনা, কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে। এতে জীবনের ঝুঁকিতে রয়েছে হাজার হাজার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যুতের খুঁটি বসানোর দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন। রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ও ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল খটখটিয়ার টাইগারপাড়া লালপুল ব্রিজ মোড় এলাকার অনেক বাড়িতে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুত্ সরবরাহ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এক কিলোমিটারের কিছু বেশি রাস্তা জুড়ে বসানো বাঁশের খুঁটিতে ভরসা করেই ৩০০ বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। মূল লাইনটি যেখানে গিয়ে শেষ, সেখানে ঝোলানো হয়েছে বিদ্যুত্ সংযোগের ১০টি মিটার। বাকি মিটারগুলো বসানো গ্রাহকদের বাড়িতে। রংপুর সিটি করপোরেশন থেকে বিদ্যুত্ লাইন দক্ষিণে প্রায় ৫০০ গজ গিয়ে থেমে গেছে। দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটির জন্য চেষ্টা করছিলেন তারা। কিন্তু খুঁটির ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ বাঁশ বসিয়ে সংযোগ দিয়েছে। গত পাঁচ-ছয় বছর এভাবেই চলছে বিদ্যুত্ সরবরাহের কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুত্ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ১০০ গজের বেশি দূরত্বে সার্ভিস লাইন দেওয়ার কোনো নিয়ম নেই। ১০০ গজের অতিরিক্ত দূরত্ব হলে অবশ্যই খুঁটি দিতে হবে, অন্যথায় সংযোগ দেওয়া যাবে না।

অথচ এ এলাকায় এক কিলোমিটারের বেশি দূরে গিয়ে খুঁটি বসানো হয়েছে। এলাকাটির ঐ দুই ওয়ার্ডের পাঁচ শতাধিক পরিবারে বিদ্যুতের সংযোগের চাহিদা থাকলেও এভাবে বিদ্যুত্ সরবরাহ করায় ঝুঁকির কথা বিবেচনায় অনেকেই সংযোগ নেননি। তাই তিন শতাধিক বাড়িতে রয়েছে বিদ্যুতের সংযোগ। আশরাফুল ইসলাম, আব্দুর রশিদ, আনিছুর রহমান, ফরহাদ হোসেন, আইয়ুব আলী নামের কয়েক জন এলাকাবাসী বলেন, তারা জানেন এভাবে বিদ্যুত্ নেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ, তবু কিছু করার নেই। ঝুঁকি নিয়েই বিদ্যুত্ ব্যবহার করতে হচ্ছে। আমরা চাই যে কোনো দুর্ঘটনা ঘটার আগেই এই সংযোগগুলোর নিরাপদ ব্যবস্থা প্রয়োজন। নেসকোর নির্বাহী প্রকৌশলী-৩ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংযোগগুলো নানা সময় দেওয়া হয়েছে। এলাকার মানুষের তদবিরে সংযোগগুলো দেওয়া হয়ে থাকতে পারে। তবে ঝুঁকিমুক্ত করতে ঐ স্থানে দ্রুত খুঁটি বসানো হবে।