পরিবর্তন আসছে বার্সেলোনায়

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:১০

৮-২! ক্রুইফ-পূর্ব ১০ বছরের অন্ধকার সময়েও এমন লজ্জা হজম করেনি বার্সেলোনা, যেটা ঘটেছে গত শুক্রবার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন মিউনিখের কাছে এমন হারের পর ক্লাবে বড়সড় পরিবর্তন অবশ্যম্ভাবী। সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ, ডিফেন্ডার জেরার্ড পিকের কথায়ও আভাস পাওয়া যাচ্ছে তেমন কিছুরই।

এর আগে ২০১৭-১৮ মৌসুমে রোমার মাঠে ৩-০, এরপরের মৌসুমে লিভারপুলের মাঠে ৪-০ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সা। তবে শুক্রবার রাতে বায়ার্ন ম্যাচ সেসবকে ছাপিয়ে গেছে প্রথমার্ধেই। পরের ৪৫ মিনিটে ক্রমে অপমানের পাল্লাটা ভারীই হয়েছে দলের।

এমন ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় দলের সহ-অধিনায়ক পিকে বলেন, ‘একে লজ্জা বলাই যথার্থ, এভাবে লড়াই করা যায় না। এটা প্রথম নয়, দ্বিতীয় কিংবা তৃতীয়বারের মতো ঘটল।’

এর ফলে বড় পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন স্প্যানিশ ডিফেন্ডার। বলেন, ‘ক্লাবে অনেকগুলো পরিবর্তন দরকার। শুধু কোচ কিংবা খেলোয়াড়ের কথা বলছি না আমি। সব ক্ষেত্রেই পরিবর্তন দরকার। কারণ, এমন ঘটনা নিয়মিত ঘটেই যাচ্ছে আমাদের সঙ্গে। নতুন প্রাণ আসতে হবে, ভারসাম্যে পরিবর্তন আসতে হবে। প্রয়োজন পড়লে আমি দল ছাড়তেও রাজি। কারণ, আমি মনে করি একদম তলানিতে পৌঁছে গেছি আমরা।’

পরিবর্তনের দমকা হাওয়ায় প্রথমেই চাকরি হারাতে পারেন কোচ কিকে সেতিয়েন, জোর গুঞ্জন স্প্যানিশ মিডিয়ায়। এখানেই থামছে না, ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদাল ও অস্কার গ্রাউও চাকরি হারানোর শঙ্কায় আছেন।

সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর পদত্যাগেরও দাবি উঠেছে। আসছে বছর নির্বাচনের কথা থাকলেও বায়ার্ন ম্যাচের পর বার্তোমিউ আগাম নির্বাচন ডাকতে বাধ্য হতে পারেন, জানাচ্ছে মুন্দো দেপোর্তিভো।