রক্তের ‘এ’ গ্রুপে কোভিড বেশি ভয়াবহ!

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:২৩

করোনা ভাইরাসের সঙ্গে রক্তের গ্রুপের কোনো সম্পর্ক রয়েছে কি-না, তা নিয়ে বেশ কিছু দিন ধরে নানা ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণায় রক্তের গ্রুপের সঙ্গে করোনা ভাইরাসের একটি সম্পর্ক রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।  

গবেষকরা দেখতে পেয়েছেন, ‘এ’ গ্রুপের (পজিটিভ ও নেগেটিভ) রক্তবাহকদের শরীরে কোভিড-১৯ ভাইরাস বেশি ভয়াবহ হয়ে উঠছে। এই গ্রুপের রক্তবাহকদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যান্য গ্রুপের রক্তবাহকদের থেকে অন্তত ৪৫ শতাংশ বেশি। কিন্তু ‘ও’ গ্রুপের (পজিটিভ ও নেগেটিভ) রক্তবাহকদের শরীরে কোভিড-১৯ ভাইরাস ততটা ভয়াবহ নয় বলেই তারা জানিয়েছে। ‘এবি’ এবং ‘বি’ গ্রুপের (পজিটিভ ও নেগেটিভ)     রক্তবাহকদের শরীরেও কোভিড-১৯ ভাইরাস ‘এ’ গ্রুপের রক্তবাহকদের মতো ততটা ভয়াবহ নয়।

গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চিকিত্সা-জার্নাল ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ। গবেষণা চালানো হয়েছে ইউরোপের দুটি দেশ স্পেন ও ইতালিতে। করোনা সংক্রমণের হার ও মৃতের সংখ্যায় স্পেন ও ইতালি দুটি দেশই সামনের সারিতে। নির্দিষ্ট জিন ও ক্রোমোজোমের সঙ্গে রোগীদের দেহে করোনা সংক্রমণের ভয়াবহতার সম্পর্ক রয়েছে বলেও বলা হয়েছে এই গবেষণায়।—আনন্দবাজার