কোম্পানীগঞ্জে বেড়াতে এসে ফেনী নদীতে তিন জন নিখোঁজ

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:২৫

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর অংশে শনিবার সকাল ১১টার দিকে মাছ ধরতে গিয়ে তিন জন নিখোঁজ হয়েছেন।

নিখোঁজরা হলেন—ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ার হোসেন (৩৬), একই গ্রামের বাসিন্দা ও বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (৩১), নজরুল ইসলাম স্বপন (২০)।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে মুছাপুর ক্লোজারে বেড়াতে আসেন ২৩ জন ব্যক্তি। পরে তাদের মধ্যে থেকে সাত জন ঝাঁকি জাল দিয়ে শখ করে ছোট ফেনী নদীতে মাছ ধরতে নামেন।

 এক পর্যায়ে হঠাত্ জোয়ার এলে তিন জন পানিতে তলিয়ে গিয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার তত্পরতা চালাচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের আগমন ও নৌকায় চড়ে নদীতে নেমে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।