খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এক গৃহিণী নিহত হয়েছেন। আহত হয়েছে তার ছেলে মো. আহাদ (১০)। নিহত মোর্শেদা বেগম ঐ এলাকার আব্দুল মালেকের স্ত্রী। উপজেলার বাবুছড়া বাজারের কাছে অবস্থিত গুচ্ছগ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে আব্দুল মালেকের স্ত্রী মোর্শেদা বেগম গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর আহত নিহতের ছোট ছেলে মো. আহাদকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় হতাহতরা ঘুমিয়ে ছিলেন। এদিকে বন্দুকধারীরা চলে যাওয়ার সময় একই গ্রামের আবুল হোসেনের বাড়িতেও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে কেউ হতাহত হয়নি। তবে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনকালে অর্ধশতাধিক গুলির খোসা উদ্বার করে।
নিহতের স্বামী আব্দুল মালেক বাবুছড়া ভূমি রক্ষা কমিটির সভাপতি। তিনি সাংবাদিকদের জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) এর সন্ত্রাসীরাই তার বাড়িতে গুলি চালিয়েছে। তিনি তার স্ত্রী হত্যার ঘটনায় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
