বঙ্গবন্ধু হত্যা পরিকল্পিত :আমু বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না :তোফায়েল

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:৩০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিড় এড়াতে দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। পরে আমু বলেন, বঙ্গবন্ধুকে যে অপশক্তি হত্যা করতে কুণ্ঠাবোধ করেনি, তারা জানত বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। এ কারণে ষড়যন্ত্রকারীরা স্বাধীন বাংলাদেশকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব হত্যা করা এবং পরাজিত শক্তির একটি নব্য পাকিস্তান সৃষ্টি করার জন্য এ হত্যাকাণ্ড।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। ইতিহাসের সেই মহামানব বঙ্গবন্ধু যখন বিধ্বস্ত বাংলাদেশকে সব কিছুতে স্বাভাবিক করছিলেন তখন সপরিবারে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব নেতা, যেখানে গেছেন সেখানেই বঙ্গবন্ধুকে সমাদ্রিত করা হয়েছিল। বঙ্গবন্ধুর দুইটা স্বপ্ন ছিল, একটা স্বাধীনতা আরেকটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা। একটা তিনি করে গেছেন। আরেকটা তিনি করে যেতে পারেন নাই। সেই কাজটি সমাপ্ত করার পথে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার হাতে ১৯৮১ সালে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তিনি এগিয়ে নিয়ে চলেছেন।’