বিরোধ মেটাতে গিয়ে কুমিল্লায় জনসম্মুখে ছুরিকাঘাতে রাজিব হাসান নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান নগরীর বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। এদিকে, এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের বাগবিতণ্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে রাজিব হাসান (২২) বিষয়টি সমাধানের চেষ্টা করে। এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। এতে রাজিব রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজিবকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ হত্যাকাণ্ডের পর ঐ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ঘাতকরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, শনিবার থানায় মামলা হয়েছে এবং দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
