রাজবাড়ীতে বিলে মিলল ব্যবসায়ীর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:৩৯

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মোনাই বিল থেকে রবিউল (৩২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত আছিরউদ্দীন বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবারের দাবি, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে একটি মারামারির ঘটনায় কালুখালী থানায় মামলা দায়ের করে স্থানীয় ইলিয়াস। গত শুক্রবার রাত ২টার দিকে পুলিশের সহায়তায় স্থানীয় ইলিয়াস, রফিক ও রাকিব রবিউলের বিশ্বাসের বাড়িতে যায়। এ ঘটনা জানতে পেরে রবিউল এবং তার ভাই আক্তার বিশ্বাস নৌকা করে বিলের মধ্যে পালিয়ে যায়। পরে তারা পিছু নিয়ে বিলের পানিতে চুবিয়ে পুলিশের উপস্থিতিতেই তাকে হত্যা করে।

এদিকে লাশ উদ্ধারের পর বাড়িতে নিয়ে এলে এলাকাবাসী পুলিশের ওপর হামলা করে বলে পালটা অভিযোগ পাওয়া গেছে। কালুখালী থানার ওসি মো. কামরুল হাসান বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসী তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের ওপর হামলা করে। হামলায় আহতদের মধ্যে দুইজন উপপরিদর্শক এবং একজন সহকারী উপপরিদর্শক রয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপারে রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, রবিউলের মরদেহ বিলের মধ্যে পাওয়া  গেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। অভিযোগের ব্যাপারে তিনি বলেন, রবিউল হত্যাকাণ্ডে যদি পুলিশ জড়িত থাকে তবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এছাড়া পুলিশের ওপর যারা হামলা করেছে পরবর্তীতের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে মামলা দায়ের করা হবে।